তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি হতে কাটবুনিয়া গ্রামে যাওয়ার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটির অবস্থা বেহাল। সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলীর বাড়ির সামনেসহ বিভিন্ন স্থানে সংস্কারের অভাবে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটো-বড়ো দুর্ঘটনা।
স্থানীয় সমাজসেবক ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন জানান, কয়েবছর আগে ইউপি চেয়ারম্যান এই মাটির রাস্তাটি ইটের সলিং করে দেন। প্রথম প্রথম রাস্তা দিয়ে যাওয়া-আসা করা গেলেও বর্তমানে করুণদশা হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে জনগণের যাতায়াতে খুব অসুবিধা হবে।
স্থানীয় ঘের ব্যবসায়ী কেরামত আলী, মামুন শেখসহ কয়েকজন জানান, পথচারী ছাড়াও এলাকার কয়েকটি মত্স্য ঘেরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তায় প্রতিনিয়ত চলাচল করা মাছের খাবারের ও মাছ বহনের গাড়ি উলটে যায়।
রাস্তার পাশে বসবাসকারী আফজাল গাজী ও মতিউর রহমান জানান, বেশ কিছুদিন যাবত্ রাস্তাটি নষ্ট হয়ে গেছে। এ রাস্তায় প্রতিদিন বহু মানুষ চলাচল করে। হালকা বৃষ্টি হলেই রাস্তাটির অধিকাংশ স্থানে পানি উঠে যায়। তারা দ্রুত পানি নিষ্কাশনসহ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আ স ম আব্দুর রব বলেন, স্থানীয় একটি চক্র পানি চলাচলের পথ বন্ধ করে রাস্তার ক্ষতি করছে। তবে রাস্তাটি দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।
