হবিগঞ্জের মাধবপুর উপজেলার আশ্রফপুর ও মনোহরপুর গ্রামের দুই বাড়িতে ডাকাতি এবং কমলপুর ও দুর্গানগর গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। বহরা ইউনিয়নের আশ্রফপুর গ্রামের খাদেম ছিদ্দিক আলী জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ১৫/২০ জনের মুখোশপরা একদল ডাকাত তার বাড়িতে হানা দিয়ে বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রেরমুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। একই রাতে এক কিলোমিটির দূরবর্তী চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রিয়লাল ঘোষের বাড়িতে রাত অনুমান ১টায় ৭/৮ জনের ডাকাতদল একই কায়দায় গ্রিলের তালা কেটে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে ছেলে দিলিপ ঘোষকে (৩২) মারধর করে মোবাইল সেট, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঐ রাতেই কমলপুর গ্রামের মনির মিয়ার বাড়ির গোয়াল ঘরের দরজা ভেঙে একটি গরু ও দুর্গানগর গ্রামের মোস্তফা মিয়ার ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে চার বাড়িতে চুরি, ডাকাতি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোর্শেদ আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেফতারে সর্বোচ্চ পুলিশি প্রচেষ্টা অব্যাহত আছে।
