বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুর নিহতের ঘটনায় ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে নিহতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ সাত জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়।
গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম। তিনি ঐ স্কুলে সন্তান ভর্তির জন্য খোঁজ নিতে গিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় কয়েকজনকে গ্রেফতার করে কারাগারেও পাঠানো হয়। এখন পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে বাদী হয়েছেন তাসলিমার বোন নাজমুন নাহার ও বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।
