ভোক্তাদের সেবা প্রদানে আউটসোর্সিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক হটলাইন চালু করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ভোক্তাদের সেবা প্রদানের ক্ষেত্রে হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুনকে তলব করা হলে গতকাল তিনি হাইকোর্টে হাজির হন। শুনানিকালে হটলাইন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী রাফসান জানি সামি। তিনি বলেন, বিটিআরসি থেকে লাইসেন্স নিয়ে মাসিক ভিত্তিতে প্রয়োজন অনুসারে খরচের ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করা যেতে পারে।
আদালতের জিজ্ঞাসার জবাবে পরিচালক শামীম বলেন, কমিটির আলোচনায় আউটসোর্সিংয়ের বিষয়টি আসেনি। আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবে স্থাপন করা হবে। আদালত আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন স্থাপনে কত দিন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, বাজেট পাওয়ার পর হটলাইন স্থাপনে তিন মাস সময় লাগবে। এরপরই হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
গত ১৬ জুন হাইকোর্ট দুই মাসের মধ্যে একটি হটলাইন সেবা চালু করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল। এ আদেশের ভোক্তা অধিকারের আইনজীবী আদালতে একটি আবেদন দিয়ে জানান, এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।
