ডেঙ্গু আক্রান্তদের দিনরাত সেবা দিয়ে চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করেছে: হাইকোর্ট

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৫৭

হাইকোর্ট বলেছে, ডেঙ্গু আক্রান্তদের সেবা প্রদানে ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

আদালত বলেন, চিকিৎসা একটি মহান পেশা। এই পেশায় জড়িতরা ছুটি না নিয়ে যেভাবে দিন-রাত ডেঙ্গু আক্রান্তদের পাশে দাড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে গেছেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন তা সর্বমহলে প্রশংসা পেয়েছে। 

এ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মন্তব্য করেন। এ সময় এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, এডিস মশার বিস্তার রোধে দুই সিটি করপোরেশন ব্যর্থতার দায় এড়াতে পারে না। 

আদালতে দুই সিটির পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা, তৌফিক ইনাম টিপু, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এবং রিটের পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন। 

ইত্তেফাক/এমআই