রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে :ওবায়দুল কাদের

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। আমাদের দেশীয় কিছু গোষ্ঠীও আছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ। যারা কোটা আন্দোলন এবং শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়, তারাই রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে। রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলায় মেতেছে; তাদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। তাদের ওপর নজর রাখা হচ্ছে। সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রোহিঙ্গাদের বিষয়ে বিদেশি এনজিওগুলোর ভূমিকার সমালোচনা করেন। রোহিঙ্গারা কোনো দিন বাংলাদেশ ছেড়ে যাবে না, বাংলাদেশ কি প্যালেস্টাইন হতে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টা একেবারেই অযৌক্তিক। এটার কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।’

১৯৭৫ সালের ১৫  আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। প্রয়াত এইচ এম এরশাদের রংপুরের শূন্য আসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো উপনির্বাচনে আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। রংপুরেও কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) যে যার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপত্তাহীনতার যে অভিযোগ করেছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, সাউথ এশিয়ায় বাংলাদেশের বিরোধী দল সবচে বেশি নিরাপত্তা ভোগ করছে।

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নজরুলের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোত্পাটন করতে হবে।’ কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।