মহাজোট থেকে জাপার একক প্রার্থী ৩৭ জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

অবশেষে আওয়ামী লীগ মহাজোটের শরিক হিসেবে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ৩৭টি আসনে ছাড় দিতে সম্মত হয়েছে। এসব আসনে জাপার প্রার্থীরা ‘লাঙ্গল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের জন্য ঢাকা-১৭ সহ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) সাতটি আসন উন্মুক্ত থাকছে। এই ৭টি আসনে ‘নৌকা’ ও ‘লাঙ্গল’ প্রতীকে দল দুটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য রংপুর-৩ আসনে এরশাদ মহাজোটের একক প্রার্থী থাকছেন।

জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গতকাল শুক্রবার ইত্তেফাককে বলেন, ‘এখন পর্যন্ত (গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ৩৭টি আসনে জাপাকে ছাড় দেওয়া হয়েছে। আর ৭টি আসন উন্মুক্ত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমাদের পক্ষ থেকে আরও কয়েকটি আসন দাবি করেছি, এ ব্যাপারে আলোচনা চলছে।’ অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, জাপাকে ৪০ থেকে ৪২টি আসনে ছাড় দিচ্ছে।

জাপার যে ৩৭ জন মহাজোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে, সেই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে- বর্তমান দশম সংসদে থাকা জাপার সংসদ সদস্যদের মধ্যে অন্তত ১০ জনের মতো এবার মহাজোটের মনোনয়ন থেকে বাদ পড়ছেন। যেই ৩৭টি আসনে ছাড় পেয়েছে, সেসব আসনে জাপা তাদের দলীয় প্রার্থীকে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দের চিঠিও গতকাল দিয়ে দিয়েছে। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত এই চিঠি সংশ্লিষ্টরা ইতোমধ্যে সংগ্রহ করেছেন।

জাপার বর্তমান এমপিদের মধ্যে এবারও যারা মহাজোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন এইচএম এরশাদ (রংপুর-৩), রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), মশিউর রহমান রাঙা (রংপুর-১), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা-১), নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), ইয়াহ্ইয়া চৌধুরী (সিলেট-২), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), পীর ফজলুর রমান মিজবাহ (সুনামগঞ্জ-৪), ডা. রুস্তম আলী ফরাজী (পিরোজপুর-৩), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১), আক্কাস আলী (কুড়িগ্রাম-৩), আলতাফ আলী (বগুড়া-৭) ও মোহাম্মদ নোমান (লক্ষ্মীপুর-২)।

বর্তমান সংসদের সদস্য নন জাপার এরকম যারা এবার মহাজোটের মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- জিএম কাদের (লালমনিরহাট-৩), পীরজাদা শফিউল্লাহ মুনীর (টাঙ্গাইল-৫), লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), পনিরউদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-২), মো. হাফিজউদ্দিন (ঠাকুরগাঁও-৩), চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল-২), মোস্তফা সেলিম বেঙ্গল (রংপুর-৪), ফকরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর-৫), রোকন উদ্দিন বাবুল (লালমনিরহাট-২), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী-১), শফিকুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২)। জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) শরিক ইসলামী মহাজোটের আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক (নোয়াখালী-১) আসন থেকে মহাজোটের মনোনয়ন পাচ্ছেন।

পটুয়াখালী-১ আসনে জাপার সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের ভাগ্য নির্ভর করছে আদালতের মাধ্যমে তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য হওয়া না হওয়ার ওপর। যদি শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফিরে পান তাহলে এই আসনটি উন্মুক্ত থাকবে। কারণ তখন মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে না।

ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারি-৪ আসন জাপাকে ছেড়েছে আওয়ামী লীগ। তবে প্রার্থী গতকাল পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি জাপা। এছাড়া নীলফামারি-৩ (ফারুক কাদের) ও রাজশাহী-৫ (আবুল হোসেন) আসন দুটিতে আওয়ামী লীগ জাপাকে ছাড় দিয়েছে বলে জানা গেছে।