প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গোবিন্দগঞ্জের এক স্কুলছাত্রীর স্তন কেটে দিয়েছে বখাটে

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১৯

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নৃশংস বর্বরতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রামপুরা গ্রামের সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীর স্তন কেটে দিয়েছে একই গ্রামের বখাটে আশিক আহমেদ। নির্মম এ ঘটনার পর গুরুতর আহত কিশোরীটিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বখাটে আশিক ও তার এক সহযোগীকে আটক করে।

হাসপাতালে চিকিত্সাধীন কিশোরীর মা জানান, একই স্কুলে পড়ার কারণে তার মেয়েটির দিকে কুনজর দেয় ফজলুল করিম কালুর বখাটে ছেলে দশম শ্রেণির ছাত্র আশিক। এক মাস আগে মেয়েটিকে সে প্রেমসহ নানা ধরনের কুপ্রস্তাব দেয়। মেয়েটি তাতে অসম্মতি জানালে ক্ষিপ্ত আশিক তার এক সঙ্গীকে নিয়ে ভোরে ঘরের বেড়া ভেঙে ঘুমন্ত মেয়েটির বুকে ছুরি চালিয়ে দেয়। তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে ওই দুই বখাটে পালিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, মেয়েটির শরীরের ঐ অংশে ৩২টি সেলাই দিতে হয়েছে।

গাইবান্ধা জেলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক, ডা. মো. মাহফুজার রহমান জানান ১২ বছরের এক কিশোরী হাসপাতালে ভর্তি রয়েছে। সে গুরুতর আহত হলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি ঘটেছে ঠিক, তবে কারা ঘটিয়েছে সে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে জড়িত সন্দেহে পুলিশ আশিক ও তার মাকে গ্রেফতার করেছে।