পিরোজপুরের কাউখালীর মধ্যবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাইদ মিঞা মনু। উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার ভোরে কাউখালী মধ্যবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতঘর ও তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
