সিদ্ধিরগঞ্জে আবারও ভুয়া চিকিৎসক আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের চাঁন সুপার মার্কেটের সি.ডি.কমপ্লেক্সে (কুমিল্লা ডায়াগনস্টিক কমপ্লেক্স) অভিযান চালিয়ে জহিরুল ইসলাম নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।
র্যাব জানায়, জহিরুল কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নিয়মিত রোগী দেখা এবং রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করে আসছিলেন।
তিনি নিজেকে ডা. মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, পিজিটি (মেডিসিন এন্ড গাইনি), সিএমইউ (ডিইউ), ডিএমইউ (ডিইউ), (সনোলজিস্ট) মেডিসিন, মা, শিশু, চর্ম ও যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসক বলে দাবি করে আসছিলেন।
আটকের পর র্যাব নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার এমবিবিএস ডাক্তারি সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেনি।
জিজ্ঞাসাবাদে জহিরুল র্যাবকে জানান, তিনি মূলত মেডিক্যাল এ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন। ২০০৩ সালে পাঁচ লাখ টাকা দিয়ে একটি নকল ভারতীয় এমবিবিএস/এএম সার্টিফিকেট কিনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
আরও পড়ুন: এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি বাড়িতে ৩ লাখ টাকা জরিমানা
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠানের মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি

