যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা হারিকেন ঝড় থামাতে এটম বোমা ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তিনি হারিকেন মোকাবেলা বিষয়ক এক বৈঠকে নাকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে এই পরামর্শ দিয়েছিলেন। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন নিউজ পোর্টাল এক্সিওস। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন বলেছে, ট্রাম্প আসলে এমন কিছু বলেছেন কিনা সেটি নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি
এক্সিওসের দাবি, ট্রাম্প বলেছিলেন— আমি একটি উপায় পেয়েছি। আমরা কেন হারিকেনগুলোর বিরুদ্ধে এটম বোমা ব্যবহার করি না? আফ্রিকা উপকূল থেকে আটলান্টিক হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা হারিকেনের ভেতরে বোমা বিস্ফোরণের মাধ্যমে এটিকে তছনছ করে দিতে পারি আমরা। ট্রাম্পের এই কথার পর বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। এদিকে, খবরটি প্রকাশ হবার পর ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, তিনি এমন কথা কোনোদিন বলেননি।
