রংপুর-৩ আসনে উপনির্বাচন

তপশিল পহেলা সেপ্টেম্বর ভোট হবে ইভিএমে

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:৩৪

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপনির্বাচনের তপশিল আগামী ১ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এসব কথা বলেন। ইসি সূত্রে জানা গেছে, আগামী ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যে রংপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে কমিশন দুটি সিদ্ধান্ত নিয়েছে। আর তা হলো পহেলা সেপ্টেম্বর তপশিল ঘোষণা এবং ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তপশিল চূড়ান্ত করা হবে।

সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ গত ১৪ জুলাই চিকত্সাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ায় গেজেট প্রকাশ করেন।

সংবিধানের ১২৩(৪) দফায় বলা হয়েছে, সংসদ ভাঙিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে (তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে)।

ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ঐ আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

কমিশন সভার জন্য ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, যে কোনো নির্বাচনের জন্য তপশিল ঘোষণার পর থেকে ৩৫-৪৫ দিন সময়ের প্রয়োজন হয়। এসব দিক বিবেচনায় অক্টোবরের ৩ থেকে ৫ অথবা ১০ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে।