পরিবারের দাবি ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:১৪

ত্রিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ভোরে হাফিজুল ইসলাম (৩৫) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে তার পরিবার দাবি করেছেন। হাফিজুল ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের ইউনুছ আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুরে এক গার্মেন্টসে চাকরি করতো হাফিজুল। চাকরিরত অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জ্বর নিয়েই ঈদের ছুটিতে বাড়িতে আসেন। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় ঈদের দুদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাৎক্ষণিক চিকিৎসা শুরু হয়। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে কয়েক দিন পর বাড়ি চলে আসেন। পুনরায় জ্বর এলে মঙ্গলবার (২৭ আগস্ট) হাফিজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে রাস্তায় বুধবার (২৮) ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ত্রিশাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান,  ত্রিশালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া কোন রোগী পাওয়া যায়নি। এসব রোগী ঢাকা-গাজীপুরসহ দেশের অন্যান্য জায়গা হতে আক্রান্ত হয়ে আসছেন। আমরা এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় সর্বদায় প্রস্তুত রয়েছি। হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

ইত্তেফাক/আরকেজি