খোলাবাজার থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৩৮

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে স্পট মার্কেট তথা খোলাবাজার থেকে এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে সরকার। এ জন্য মাস্টার সেল অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্টের (এমএসপিএ) ভিত্তিতে এলএনজি আমদানির জন্য সরবরাহকারীদের একটি শর্টলিস্ট করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার সচিবালয়ের কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এলএনজি আমদানির জন্য বেশকিছু দেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তবে আমরা স্বল্প সময়ে তাত্ক্ষণিকভাবেও এলএনজি আমদানি করতে চাই। এজন্য স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন অনুসারে আলোচনার জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির উদ্যোক্তাদের কাছ থেকে এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হলে ৪৩টি প্রতিষ্ঠান ইওআই দাখিল করে। প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটি (পিপিপি) কর্তৃক বাছাইকৃত ২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে খসড়া মাস্টার সেল অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) চূড়ান্ত করা হয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল দুইটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৪২ কোটি ৪৬ লাখ টাকা। অর্থমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরে ৬ বছরের জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেডকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এলাকায় কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং কাজটি জটিল প্রকৃতির। তাই পিপিআর ২০০৮ অনুসরণ পূর্বক ‘সিঙ্গেল স্টেজ টু ইনভেলাপ’ পদ্ধতিতে ৬ বছরের জন্য টার্মিনাল অপারেটর নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং একটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। সভায় অনুমোদিত অপর প্রস্তাবটি হলো—ঢাকা মহানগরীর পানি সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টে’র আওতায় কনসালট্যান্সি সার্ভিস ফর ক্যাপাসিটি বিল্ডিং ফর সাসটেনেবিলিটি (সিএসসিবিএস) কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব।

১১ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত ভেঙে ঋণ রিসিডিউল বা পুন:তফসিলিকরণের সুযোগ দেওয়া হয়েছে, গতকাল একটি দৈনিকে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমিও বিষয়টি পত্রিকায় দেখেছি। আমার কাছে এ বিষয়ে কোনো অনুমোদন নেওয়া হয়নি। তবে আমি এ বিষয়ে খোঁজ নিব। তিনি বলেন, আমি এখনো জানি না কোন বিবেচনায় তাদের এ সুযোগ দেওয়া হলো। আগে কী শর্ত ছিল সেগুলো আমাদের দেখতে হবে।