বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে মার্কিন ভিসা বাতিল

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৪৬

একজন ফিলিস্তিনি তরুণ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তার মার্কিন ভিসা বাতিল হয়েছে।

লেবানন থেকে আসা ইসমাইল আজওয়াই বলছেন, গত শুক্রবার বোস্টন বিমানবন্দরে হাজির হওয়ার পর তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৭ বছর বয়সি আজওয়াই বলেন, তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করার পর মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা তার স্টুডেন্ট ভিসা বাতিল করেন। বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তাকে দায়ী করা যেতে পারে না, তিনি এই যুক্তি দেওয়ার পরও কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে তাকে যুক্তরাষ্ট্রে ‘ঢুকতে দেওয়া যায় না’। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের মুখপাত্র মাইকেল ম্যাকার্থি বলছেন, ‘সিবিপি তল্লাশিতে যেসব প্রমাণ পাওয়া গেছে’ তার ভিত্তিতে ঐ সিদ্ধান্ত নেওয়া হয়। আজওয়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পেয়েছিলেন। কিন্তু এ ঘটনার পর তাকে লেবাননে ফিরে আসতে হয়। এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে, ‘এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ঐ ছাত্রের পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে।’