জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র নাছির

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৪০

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুর সময়ে দেশে কোনো জঙ্গি ছিল না। পরে যারা দেশ শাসন করেছে তারাই সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি করেছেন। ইসলামের নামে যারা জঙ্গি হামলার মতো জঘন্য অপরাধ করছে তারা ইসলামের কেউ নয়। ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না। অথচ তারা জিহাদের নাম দিয়ে নিরীহ মানুষজনকে হত্যা করছে। এদের ধর্ম নেই, এরা ইসলামের শত্রু। 

বুধবার নগরীর বাকলিয়ার কামাল ইশকে মুস্তাফা (দ.) ফাজিল মাদ্রাসায় সুচিন্তার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাড. জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমিন উল্লাহর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন কামাল ইশকে মুস্তাফা (দ.) কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান ছৈয়দ মুহাম্মদ আনোয়ার হোছাইন (মা.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান। বক্তব্য দেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন, এম কায়কোবাদ, মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, ডা. মাওলানা ইউনুছ ওয়াহেদী।

আরো পড়ুন: কুড়িগ্রামে নিজের রিভলবারের গুলিতে এসআই ‘নিহত’

সুচিন্তার উপদেষ্টা স্থপতি আশিক ইমরান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনও জাত নেই, ধর্ম নেই। তাদের কোনও পরিচয় নেই। এদের পরিচয় একটাই কেবল অপরাধী। এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা অনুধাবনেই মিলবে মুক্তি।

এর আগে ১৫ আগস্টের জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ুথ উইনং শাখার কৌশিক।

ইত্তেফাক/এমআই