খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার অন্তর্গত বাবুপাড়া ও নোয়াপাড়া এলাকার একমাত্র সংযোগ রাস্তাটি গত বর্ষায় ভেঙে গিয়ে বড়ো ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাবুপাড়া ও নোয়াপাড়া গ্রামে বসবাসকারী প্রায় শতাধিক পরিবারের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড় থেকে নেমে আসা বর্ষার পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝখানে একটি ছোটো কালভার্ট রয়েছে। ঐ কালভার্টটি বর্ষার পানি নেমে যাওয়ার জন্য যথেষ্ট বড়ো নয়। ফলে বর্ষার পানির ঢলে রাস্তাটি ভেঙে গিয়ে একটি বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী রাস্তার ওপর দুইটা গাছ দিয়ে সাঁকো তৈরি করে কোনো রকম চলাচলের ব্যবস্থা করলেও স্কুলপড়ুয়া শিশুরা ও বয়স্ক লোকেরা খুবই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ পারাপারে যেকোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ শাসনা প্রিয় মহাস্থবীর বলেন, বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উত্সব কঠিন চিবর দান অনুষ্ঠানের আগে রাস্তাটি মেরামত করা দরকার। না হলে অনুষ্ঠানে আগত পুণ্যার্থীসহ স্থানীয় জনসাধারণের চলাচল খুবই কষ্টকর হবে। প্রতি বছর সেই ধর্মীয় অনুষ্ঠানে সহস্রাধিক দায়ক-দায়িকার সমাগম ঘটে।
সংশ্লিষ্ট বিহার কমিটির সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা মত্স্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা বলেন, রাস্তাটি আগে অনেক বড় ছিলো, প্রতিবছর বর্ষা মৌসুমে একটু একটু করে ভেঙে যাওয়ার ফলে বর্তমানে রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি এ বছর পাহাড় থেকে নেমে আসা পানির চাপ সহ্য করতে না পেরে রাস্তার মাঝখানে ভেঙে গিয়ে বড়ো ধরনের গর্তের সৃষ্টি হয়। তিনি আরো বলেন, সম্পূর্ণ রাস্তাটির দুই পাশে ধারক ওয়াল নির্মাণ করে পানি নেমে যাওয়ার জন্য পরিমাণ মতো জায়গা রেখে কালভার্ট তৈরি করা প্রয়োজন, নতুবা রাস্তাটি একেবারে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নোয়াপাড়া এলাকার বাসিন্দা মংসাথোয়াই মারমা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে থাকে। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে মনে করেন তিনি।
এ ব্যাপারে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি রতন কুমার শীলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পরবর্তী এডিবি বাজেট থেকে বরাদ্দ দিয়ে পর্যায়ক্রমে সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।
