জাপানের ক্রীড়াসামগ্রী দিল জিমন্যাস্টিকস ফেডারেশনকে

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২২

বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশনকে এর আগেও অনুদান সহায়তায় সরঞ্জামাদি দিয়েছে জাপান সরকার। ট্রাম্পেলিন, ফ্লোর ম্যাটস, স্প্রিং বোর্ড, ভল্টিং টেবিল পেয়েছে। সম্প্রতি জাপান জিমনাস্টিকস ফেডারেশনের কাছ থেকে অনুদান হিসেবে বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশন পেয়েছে একটি রিং সেট এবং প্যারালাল বারস। প্রায় ১২ লাখ টাকা মূল্যের এসব সরঞ্জামাদির ট্যাক্সও বহন করেছে জাপান সরকার। ২৮ আগস্ট বুধবার এই ব্যয়বহুল সরঞ্জামাদি ঢাকাস্থ জাপান দূতাবাস জিমনাস্টিকস ফেডারেশনকে তুলে দিয়েছে।

গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমনেসিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, এনএসসির সচিব মাসুদ করিমের উপস্থিতিতে জিমনাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের কাছে এসব সরঞ্জামাদি তুলে দেন ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোকি ইয়ামো। এ সময় অতিথির সম্মানে নতুন রিং এবং প্যারালাল বারস-এ বাংলাদেশের জিমনাস্টরা পারফর্ম করেন। ফ্লোর এক্সারসাইজও করেন তারা। বাংলাদেশ-জাপান মৈত্রী সহযোগিতায় ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়ায় জাপান তাদের অনুদান সহায়তা অব্যাহত রাখবে বলে জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে উল্লেখ করেন। ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ এনএসসির জিমনেসিয়ামকে আধুনিকায়নে জাপানকে সহযোগিতার আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশে প্রচলিত জাপানের জনপ্রিয় খেলাধুলায় জাপান সরকারের সহযোগিতা কামনা করেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।