ইউএস ওপেন

নাদালের জয়ী সূচনা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৩

শিরোপা প্রত্যাশী রাফায়েল নাদাল সরাসরি সেটে জন মিলম্যানকে হারিয়ে ইউএস ওপেনে শুভসূচনা করেছেন। অস্ট্রেলীয় প্রতিপক্ষটিকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন তিনি। 

গেল বছর ইউএস ওপেনের শেষ ষোলোয় রজার ফেদেরারকে হারিয়ে বড়ো অঘটনের জন্ম দিয়েছিলেন জন মিলম্যান। ধারণা করা হচ্ছিল রাফায়েল নাদালের বিপক্ষেও দারুণ প্রতিরোধ দাঁড় করাবেন অজি খেলোয়াড়টি। কিন্তু শেষমেশ নাদালের বিপক্ষে দাঁড়াতেই পারেননি তিনি। ১৮ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদাল অনায়াসে এক জয়ই তুলে নিয়েছেন প্রথম রাউন্ডে।

নাদাল জয়ের পর বলেন, ‘এই জয়ে আমি দারুণ খুশি এবং নিউইয়র্কে ফিরতে পেরেও খুশি। প্রথম ম্যাচটা সব সময়ই নতুন হয়ে থাকে। যদিও আমি এখানে অনেক ম্যাচ খেলেছি তারপরও শুরুটা কখনোই সহজ হয় না। সার্ভগুলো আজ রাতে ভালোভাবে কাজ করেছে তবে আমার ব্যাকহ্যান্ডগুলো এখনো নিখুঁত হচ্ছে না। তারপরও আমি খুশি।’ মিলম্যান গেলবারের আসরে শেষ ষোলোয় রজার ফেদেরারকে হারিয়ে দিয়েছিলেন । এমন প্রতিপক্ষের মুখোমুখি হবার আগে দারুণ সাবধানিই ছিলেন নাদাল। তিনি বলেন, ‘যখন আপনি টুর্নামেন্ট শুরু করেন, তখন আপনার সামনে কঠিন সব প্রতিপক্ষ থাকে। আপনাকে কোর্টে যেতে হবে এবং সবাইকেই প্রাপ্য সম্মানটা দিতে হবে। আমি আজ কোর্টে গিয়ে এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম এবং আমি জানতাম জিততে হলে ভালো খেলতেই হবে। যদি আপনি খারাপ খেলেন তবে আপনি হেরেও যেতে পারেন।’