এএফসি কাপ ফুটবল

উত্তর কোরিয়ায় পারল না আবাহনী

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৩

এএফসি কাপ ফুটবলে আবারও ব্যর্থ হয়েছে আবাহনী। স্বপ্নের দুয়ার থেকে ফিরে এসেছে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এএফসির জোনাল সেমিফাইনালে এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে আবাহনী হেরেছে ০-২ গোলে। আবাহনীর বিদায় হয়ে গেল এএফসি কাপ ফুটবল থেকে।

নিদেনপক্ষে ড্র করতে পারলে আবাহনী স্বপ্নের পথে এগিয়ে যেতে পারত। এমন সম্ভাবনাও ছিল অনেক অনেক বেশি। কারণ ঢাকায় গত ২১ আগস্ট নিজেদের হোম ম্যাচে এপ্রিল টোয়েন্টি ফাইভ দলকে আবাহনী হারিয়েছিল ৪-৩ গোলে। সেই জয়টি আবাহনীকে একটা স্বপ্ন দেখিয়েছিল। উত্তর কোরিয়ার মাঠে ফিরতি খেলায় আবাহনী যদি ড্র করত, তাহলে আবাহনী জোনাল ফাইনালে উঠবে। শুধু ড্র হলেই সম্ভব। আর জিতলে তো কথাই নেই। এমন হাতছানি থাকার পরও আবাহনী ড্র করতে পারেনি। ম্যাচটা বাঁচাতে পারেনি, যে ম্যাচে দেশের ফুটবল দর্শক চোখ রেখেছিল।

ফুটবলের একটা ভালো সময়ে জাতীয় দল যখন এগিয়ে যাচ্ছিল। আবাহনী সেই এগিয়ে যাওয়ার পথে আরেকটা পালক যোগ করল। ঠিক তখনই আবাহনী নিজেই সেই পথ থেকে ছিটকে পড়ল। স্বপ্নটা পূরণ করতে পারল না। নানা সমস্যার মধ্যেও এএফসি কাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। জিততেই হবে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখিও হয়েছিল গ্রুপ পর্বের বাছাইয়ে। কঠিন পথ পাড়ি দিয়ে যখন নকআউটে গেল, তখন সেখানেও ধারাবাহিকতা রাখল। আর সেই টনিক নিয়ে আবাহনীর ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাসের স্ফুরণ ঘটলেও সেটি যে ধপ করে নিভে যাবে কে জানত। সব শক্তি মিলিয়েও যে আবাহনী নিজেদের গোলপোস্ট আগলে রাখতে পারবে না, সেটা অপ্রত্যাশিত। এপ্রিল টোয়েন্টি ফাইভ শক্তিশালী দল কোনো সন্দেহ নেই। তাদের সামনে আবাহনী ছিল পূর্ণ শক্তির দল। রক্ষণভাগে শক্তি বেড়েছিল। ঘর আগলে রাখার মতো খেলোয়াড়রাও যোগ হয়েছিলেন ডিফেন্স লাইনে। তারপরও উত্তর কোরিয়া সেই রক্ষণদুর্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে স্মরণীয় জয় তুলে নিল, নিজেদের মাঠে জোনাল ফাইনালে উঠল।

প্রথমার্ধে এপ্রিল টোয়েন্টি ক্লাবকে ধরে বেঁধে রেখেছিল আবাহনী। কিন্তু খেলাটা যখন দ্বিতীয়ার্ধে গড়ায়, তখন সময়ের স্রোতে আবাহনীর রক্ষশে ভাঙ্গণ ধরতে শুরু করে। ভুল বোঝাবুঝি শুরু হয়। ৪৯ মিনিটে প্রথম গোল হজম করে আবাহনী ০-১। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল হজম ০-২। ব্যস, আবাহনীর বিদায় নিশ্চিত হয়ে যায়।