টঙ্গীতে স্কুলছাত্র ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৭

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় স্কুলছাত্র ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যার পর হতাশাগ্রস্ত বাবা আ. হালিম (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে টঙ্গী বাজার এলাকার মৃত শাহানশাহ আলমের বাড়ির ৫ম তলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, নরসিংদী জেলার বেলাব থানার বটেশ্বর গ্রামের বাসিন্দা আ. হালিম টঙ্গী বাজারের ফুটপাতে মসলার ব্যবসা করতেন। ছেলে রোমান টঙ্গী বাজার নোটারী স্কুলের ২য় শ্রেণির ছাত্র ও সামান্য প্রতিবন্ধী বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। হালিমের মামা কাঞ্চন মিয়া অভিযোগ করে বলেন, স্ত্রীর বড়ো ভাই দুলালের সঙ্গে ব্যবসা নিয়ে হালিমের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জেরে দুলাল হালিমকে কয়েকবার মারধর করে। মঙ্গলবার রাত তিনটার দিকে হালিম রাগ করে ছেলে রোমানকে হত্যার পর নিজে ঘরের ফ্যানের সঙ্গে রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।