স্বামীর আত্মহত্যার মামলায় জামিন পেলেন মিতু

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:০৮

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যাকারী চিকিত্সক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার এ রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ। আদালতে জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ শুনানি করেন।

ডা. আকাশ (৩২) ফেসবুকে স্ট্যাটাস, ছবি ও ভিডিও দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনা তুলে ধরেন। তার সর্বশেষ স্ট্যাটাস ছিল ‘ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকাদের নিয়ে।’ এর পরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পহেলা ফেব্রুয়ারি তানজিলাসহ ছয় জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করা হয়।