তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইলেকট্র্রোনিক মিডিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্প্রচার মাধ্যম ডিজিটালাইজেশনের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে। গতকাল বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় আরো বলেন, এ সেক্টরের ডিজিটালাইজেশনের পর দেশের সংবাদ মাধ্যম এবং সেখানে কর্মরতদের স্বার্থ সুরক্ষিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কর্মী (চাকরি ও শর্তাবলি) আইন খুব শিগগির সংসদে পাঠানো হবে। আইনটি মন্ত্রিসভায় পাঠানোর আগে একটি অথবা দুটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি সংসদে পাঠানো হবে। মন্ত্রী বলেন, আইনটি স্পর্শকাতর হওয়ায় সরকার কিছুটা সময় নিচ্ছে। আইনটির সব দিক যাচাই-বাছাইর পর এটি সংসদে পাস করা হবে। তিনি বলেন, সরকার সম্প্রচার নীতি প্রণয়ন করেছে এবং শিগগির সম্প্রচার আইন পাশ করবে। আইনটি পাশ করার পর মিডিয়া কর্মীদের স্বার্থে একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। মন্ত্রী বলেন, বিভিন্ন পদক্ষেপের ফলে ইলেকট্রোনিক মিডিয়া সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। তবে কোনো অনিয়ম পাওয়া গেলে সরকার ব্যবস্থা নেবে।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা হয়েছে। মন্ত্রি বেসরকারি টিভি চ্যানেলগুলোর বর্তমান সমস্যার কথা উল্লেখ করে বলেন, শিল্পটি রক্ষায় সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
