রাজধানীর আদাবরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন—সামাউল (২২) ও হালিম (১৮)। গতকাল বুধবার বিকালে তারা ভবনের বাইরের অংশে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিত্সাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।
নিহত দুই জনের সহকর্মী রায়হান জানান, আদাবরের ১০ নম্বর সড়কে নির্মাণাধীন একটি বহুতল ভবনের অষ্টম তলায় মাচা বেঁধে কাজ করছিলেন সামাউল ও হালিম। বিকাল ৪টার দিকে হঠাত্ মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিত্সকদের পরামর্শে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৮টার দিকে সামাউলের মৃত্যু হয়। এর দেড় ঘণ্টা পর মারা যান হালিম। তারা দুই জনই নওগাঁর সাপাহার উপজেলার জবাইবিল গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন।
আদাবর থানার এসআই আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারো কোনো অবহেলা ছিল কি না তা তদন্ত করে দেখা হবে।
