ট্রাকে তুলে গরু ব্যবসায়ীদের টাকা লুটে নিত ওরা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:১০

কোরবানির পশু বিক্রি শেষে নাটোরে ফেরার উদ্দেশে রাজধানীর মেরুল বাড্ডায় একটি ট্রাকে উঠেছিলেন কয়েকজন ব্যবসায়ী। ট্রাকটিতে যাত্রীবেশে আগে থেকেই অবস্থান করছিল ডাকাত দলের সদস্যরা। তারা গরু ব্যবসায়ীদের মুখ ও হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়। কেড়ে নেয় গরু বিক্রি করে পাওয়া ১২ লাখ টাকা। এরপর তুরাগের বেড়িবাঁধ এলাকায় তাদের চলন্ত ট্রাক থেকে ফেলে দিলে কলিম উদ্দিন ফকির নামে এক জনের মৃত্যু হয়। গত ১০ আগস্টের এ ঘটনার তদন্তে নেমে র্যাব ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে সেদিনের ঘটনার আদ্যোপান্ত।

গ্রেফতারকৃতরা হলেন আমজাদ হোসেন, বাবুল হোসেন, উজ্জ্বল মিয়া ও আজমল। তাদের কাছ থেকে নিহত কলিমের ব্যবহূত দুটি মোবাইল ফোনসহ মোট ছয়টি ফোন, হত্যায় ব্যবহূত হাতুড়ি ও বেলন উদ্ধার করা হয়।

ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের বিষয়ে জানাতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, এ ঘটনায় নিহতের আত্মীয় বকুল আলী শেখ বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন। মামলার আসামিদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি চেষ্টা চালায় র্যাব। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।