ভারতের আসাম রাজ্যে নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (ইউএসসিআইআরএফ) বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়েছে, আসামের নাগরিক নিবন্ধন অবশ্যই সেখানকার সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করা কিংবা তাদের রাষ্ট্রহীন মানুষে পরিণত করার হাতিয়ার হতে পারে না। এ ধরনের পদক্ষেপে ইউএসসিআইআরএফ অস্বস্তি বোধ করে।
ইউএসসিআইআরএফের পক্ষ থেকে সংস্থাটির চেয়ার টনি পারকিনস এবং সংস্থাটির কমিশনার অনুরিমা ভারগাভা এ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাসিন্দারা দেশটির জাতীয় নাগরিক তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত হতে ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমার মুখোমুখি হয়েছেন। এ সময়ের মধ্যে তাদের কর্তৃপক্ষের কাছে নাগরিকত্ব যাচাইয়ের নথিপত্র জমা দিতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, আসামের সীমান্তবর্তী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে যাচাই-বাছাই করা। এই এনআরসি নিয়ে ২০১৮ সালের জুনে জাতিসংঘের চার জন বিশেষ দূত একটি যৌথ চিঠি লিখেছিলেন।
টনি পারকিনস বলেন, ধর্মীয় স্বাধীনতা বা বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আস্থা এবং ধর্মীয় বহুত্ববাদের প্রতি শ্রদ্ধার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই ভারতীয় সমাজব্যবস্থার মূল ভিত্তি। দেশটির সংবিধানেও এ মূল্যবোধের উল্লেখ রয়েছে। তবে আসামের নাগরিক তালিকার সম্ভাব্য অপব্যবহার নিয়ে আমরা উদ্বিগ্ন। নাগরিকত্বের জন্য একটি ধর্মীয় বিশ্বাসের প্রবর্তন ধর্মীয় স্বাধীনতার আদর্শের পরিপন্থি।
