ঘুষের মামলাতেও জামিন হয়নি ডিআইজি মিজানের

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:২৩

ঘুষ কেলেঙ্কারির মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ গতকাল বুধবার শুনানি শেষে এ আদেশ দেন। বিচারক জামিন নামঞ্জুর করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ অক্টোবর দিন ঠিক করে দেন।

এক নারীকে জোর করে বিবাহর পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছর জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডিআইজি মিজানুর রহমানকে। এরপর তার অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করে দুদক; সেই অনুসন্ধানের দায়িত্ব পান কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির। সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর পক্ষে তাদের কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপও ফাঁস হয়।