থাই রাষ্ট্রদূতের সাক্ষাত্

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড়ো বোঝা : প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:৫৯

জোরপূর্বক নিজ বাসভূম থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ঢাকাকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেছে ব্যাংকক। বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত অরুনরাঙ্গ ফটোং হামফ্রে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে এই আশ্বাস প্রদান করেন।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম থাই রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে থাইল্যান্ড।’ এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড়ো বোঝা। তারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে সেখানেই ফিরে যেতে হবে।’

থাই রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা, শিল্প এবং জ্বালানি খাতে কাজ করতে আগ্রহী। তিনি এ সময় থাইল্যান্ডের ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার কথাও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দিয়ে থাকি, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের জন্য। তিনি এ সময় বাংলাদেশে তার কর্তব্য পালনকালে থাই রাষ্ট্রদূতকে সবরকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি থাইল্যান্ডের সঙ্গে সব ক্ষেত্রে বিশেষ করে পানি পথে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।