নারায়ণগঞ্জের আলোচিত বালু ব্যবসায়ী আরাফাত হত্যা মামলার রায়ে ৭জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় শফিকুল ইসলাম শফি ও রাজু আহমেদ নামে দু’জনকে খালাস প্রদান করেছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা ৩ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নিজের রিভলবারের গুলিতে এসআই ‘নিহত’
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের আটি এলাকার ফেলাইন্নার ছেলে সজিব (২৫) একই এলাকার চাঁন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলু (২০), হারুনুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম জয় (২২), আবু তালেবের ছেলে শামীম (২৪), মনোয়ারা জুট মিল সিকিউরিটি কলোনির রফিক (৫০) ও তার ছেলে ইউসুফ (২০) এবং ফতুল্লার গাবতলী এলাকার মৃত মোহন মিয়ার ছেলে রুবেল ওরফে ইয়াসিন (২৪)। এদের মধ্যে সজিব, রুবেল ওরফে ইয়াসিন ও জাহিদুল ইসলাম জয় আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, নারী নির্যাতন মামলার পলাতক আসামি স্থানীয় সজিবকে পুলিশে ধরিয়ে দেয় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির আনোয়ার হোসেনের ছেলে বালু ব্যবসায়ী আরাফাত (২২)। এরপর সজীব আদালত থেকে জামিনে বেরিয়ে এসে দলবল নিয়ে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেলে খেলার কথা বলে আরাফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর কুপিয়ে ব্লেড দিয়ে পুচিয়ে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে পালিয়ে যায় সজীব ও তার লোকজন। এঘটনায় আরাফাতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ছেলের বিচার দাবি করে ৩ বছর পূর্বে আদালতে সাক্ষী দিয়ে মৃত্যু বরণ করে মামলার বাদী আনোয়ার হোসেন।
ইত্তেফাক/এমআরএম
