কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৭:৪৬

কুমিল্লায় ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের ২ সদস্য আহত হয়েছে।

বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রাসেল জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খান।

আরও পড়ুন: ফটিকছড়িতে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার

তিনি জানান, জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে মাদক উদ্ধারে অভিযানে যায় জেলা ডিবির একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ী রাসেল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

ইত্তেফাক/এমআরএম