রমেকে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:৩৮

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার নামে (১২) ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল বৃহস্পতিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে। ২৬ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল জানান, মনীষার বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। মা-বাবার সঙ্গে থাকত মনীষা। সেখানেই ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় মনীষাকে। সেখানে চিকিৎসাধীন থেকে বুধবার দিবাগত রাতে মনীষা মারা যায়।

আরও পড়ুনঃ বিয়ের জন্য কাশ্মীরি মেয়ে খোঁজায় শীর্ষে বাঙালিরা

আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে মনীষাসহ চারজন মারা যান। এর আগে গত ৬ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে গাইবান্ধার পলাশবাড়ির রিয়ানা নামে এক শিশু ও ১১ আগস্ট মনিরুল ইসলাম নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ী এবং ২৭ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবকের মুত্যু হয়। তারা সকলেই ঢাকা থেকে এসে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ইত্তেফাক/আরকেজি