বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৬:০৮

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সকল বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কলকারখানায় আগামীদিনে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: বরগুনার এসপিকে সতর্ক করলো হাইকোর্ট

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের যাতে বেতন বৃদ্ধি পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মস্থলে যাওয়ার পূর্বেই বাংলাদেশের শ্রমিকরা যাতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা লাভ করতে পারে, সেজন্য সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক সামর্থ ও সক্ষমতা রেমিটেন্সের ওপর অনেকাংশেই নির্ভর করে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করার জন্য প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান।

ইত্তেফাক/এমআই