পাবনার চাটমোহরে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আটক হয়ে বর খাইরুল ইসলাম (২১), তার বাবা গোলাম মোস্তফা (৪৫) এখন জেলখানায়। বরকে তিন মাসের এবং বরের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় বিয়ের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকায় মেয়ের বাবা জামাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।
জানা যায়, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের কাটেঙ্গা হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ে ঠিক হয় একই উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে খাইরুল ইসলামের। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় তারা বরযাত্রীসহ হাজির হন কনের বাড়িতে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সেনাসদস্যদের ওপর গুলির ঘটনায় আটক ১
বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম অভিযান চালানা। এ সময় বিয়ে ঠেকিয়ে দিয়ে জেল-জরিমানা করা হয়। এ সময় তাকে সহযোগিতা করে থানা পুলিশ।
ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
