হাত থেকে পড়ে মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ার ঘটনা নতুন নয়। ডিসপ্লে সারাতে গেলে তো অনেক টাকা লেগে যায়। তবে এবার মোবাইল ফোনের ভেঙে যাওয়া ডিসপ্লে সারাই করে নেওয়া যাবে বাড়িতেই।
নিজের মোবাইল ফোনের স্ক্রিনের ফাটল নিজেই মেরামত করতে পারবে, এমন এক ধরনের কাচ বানিয়ে ফেলেছেন ইউনিভার্সিটি অব টোকিওর গবেষকরা। নতুন ধরনের আঠা নিয়ে গবেষণা করতে গিয়ে এই কাচের সন্ধান পেয়ে যান তারা। আর তা দিয়েই চোখের পলকে জুড়ে যাবে মোবাইল ফোনের ডিসেপ্লে।
দৃঢ় চাপে এই কাচের ভাঙা টুকরোগুলো কয়েক সেকেন্ডের মধ্যে জোড়া লেগে যেতে পারে। আর কয়েক ঘণ্টার মধ্যেই এটি আগের শক্ত অবস্থায় ফিরে আসে। এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। শিল্প খাতের বিস্তৃত পরিসরে এই ‘স্বমেরামতি’ কাচ একটি আকর্ষণীয় বিষয় হবে বলে উল্লেখ করা হয়েছে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
স্মার্টফোন খাতে এর ব্যবহারে নিজে থেকেই ঠিক হয়ে যাবে ডিসপ্লে। এর আগেও স্মার্টফোন খাতে স্বমেরামতকারী বস্তু দেখা গেছে। এলজি জি ফ্লেক্স আর জি ফ্লেক্স ২-এর পেছনে প্লাস্টিকে চাবি বা এর মতো কোনো কিছু থেকে হালকা দাগ পড়লে তা নিজে থেকেই ঠিক করে ফেলত প্লাস্টিকটি। কিন্তু স্মার্টফোন ডিসপ্লেতে এটি আসতে হয়তো লেগে যাবে আরো কয়েক বছর।
