৪জি ও ৫জি প্রযুক্তি ব্যবহার উপযোগী স্মার্টফোন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২০:০৩

গ্রাহকদের সুবিধার জন্য ভিভো আইকিউওও প্রো স্মার্টফোনটিতে ৪জি ও ৫জি উভয় প্রযুক্তি ব্যবহারের জন্য আলাদা আলাদা সংস্করণ আনল চীনা বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আইকিউওও প্রো নামের নতুন এই স্মার্টফোনটি কোম্পানির আইকিউওও সিরিজের নতুন সংস্করণ।

স্মার্টফোনটির ফাইভ-জি সংস্করণে ডুয়েল সিমের (ন্যানো) একটি স্লটে ৫জি ও অন্য স্লটে ৪জি সংযোগের ব্যবস্থা রয়েছে। অন্য সংস্করণটির দুটি স্লটেই ৪জি সংযোগ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।  

সম্প্রতি চীনের একটি সংবাদ সম্মেলনে স্মার্টফোনটি উন্মোচন করে ভিভো। আগামী ২ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে আইকিউওও প্রো স্মার্টফোনটি।

ভিভো আইকিউওও প্রো মডেলটিতে রয়েছে—৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ৪,৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ফাস্টচার্জিং ব্যাটারি ও ১২ মেগাপিক্সেলের (ডুয়েল পিক্সেল) সেলফি ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা, যা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ১৩ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ২ এমপি ডেপথ সেন্সরের সমন্বয়ে কাজ করবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নাইন পাই-ভিত্তিক ফানটাচ ওএস ৯ সংস্করণের অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

৬ দশমিক ৪১ ইঞ্চি ফুল এইচডি ও সুপার অ্যামোলেড ডিসপ্লেটির রেজ্যুলেশন ১০৮০ X ২৩৪০ পিক্সেল; সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রাথমিক পর্যায়ে স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। 

আইকিউওও প্রোর ৪জি সংস্করণটির মূল্য ৩ হাজার ১৯৮ ইয়েন যার সঙ্গে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ১২জিবি ও ১২৮জিবি সংস্করণটির মূল্য ৩ হাজার ৪৯৮ ইয়েন।  ৫জি সংস্করণটির মূল্য ৩ হাজার ৭৯৮ ইয়েন, যার সঙ্গে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ৮জিবি+২৫৬জিবি এবং ১২জিবি+১২৮জিবি সংস্করণের দাম হবে যথাক্রমে ৩ হাজার ৭৯৮ ইয়েন ও ৪ হাজার ৯৮ ইয়েন।