ঢাকাই সিনেমার আলোচিত নায়িকাদের মধ্যে বিদ্যা সিনহা মীম অন্যতম। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সাপলুডু’ মুক্তি অপেক্ষায় ছিল অনেক মাস ধরে। অবশেষে ঠিক হয়েছে বড়পর্দায় সিনেমাটি আগমনের তারিখ। পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত ছবিটি। সিনেমাটির মুক্তিকে উপলক্ষ করে আগামী ১ সেপ্টেম্বর বিকেলে তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ‘সাপলুডু’র গানগুলোর অ্যালবাম প্রকাশ করা হবে।
বিদ্যা সিনহা মীম বলেন, ‘এই মুহূর্তে শুধু এটুকু বলতে চাই, সাপলুডু সিনেমার হিরো হচ্ছে গল্প। একটা সুন্দর গল্পকে ঘিরেই এই ছবিটি নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’
এর আগে ২৬ ফেব্রুয়ারি ছবির ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়। ১ মিনিট ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারটি টানটান উত্তেজনায় ভরপুর। এর প্রতিটি দৃশ্য জন্ম দিয়েছে রহস্যের।
গতবছর ২৬ অক্টোবরে শুরু হয়েছিল ‘সাপলুডু’র শুটিং। কঠোর গোপনীয়তা রক্ষা করে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, কক্সবাজারে টানা শুটিংয়ের মাধ্যমে ৩ ডিসেম্বর শেষ হয় ছবির কাজ। থ্রিলার ঘরানার এই ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকে।
