আশুলিয়ায় ৩ বাসের সংঘর্ষ, ২ জনের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:০৪

সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস থেমে থাকা দূরপাল্লার দুটি বাসের পিছনে সজোরে ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, নিহত দুইজন শ্রমিকের নাম জাহাঙ্গীর (৩৫) ও জলিল  (৩০)। তাদের বাড়ি পাবনা জেলায়।
 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে পৌঁছলে বিকল হয়। এ সময় আহাদ পরিবহনের অপর একটি বাস বিকল হওয়া বাসটিকে রশি বেধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন বাসের স্টাফ জাহাঙ্গীর ও জলিলসহ আরও দুই ব্যক্তি বাসের পিছনে ছিলেন। এক পর্যায়ে পেছন থেকে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের স্টাফ জাহাঙ্গীর ও জলিল দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডিসির আপত্তিকর সেই ভিডিও’র তদন্ত শুরু

এ ব্যাপারে গাজীপুর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মজিবুর ইসলাম জানান, এসআর প্লাস পরিবহনের বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/অনি