খুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ভালো অবস্থানে আছে বাংলাদেশ এইচপি দল। গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে ১৭০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। অবশ্য তিন দিনেও ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। ম্যাচটা তাই ড্রয়ের পথেই এগোচ্ছে। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা এইচপি দলের সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান। বান্দারা ৫৭ ও করুনারত্নে ৮ রানে ব্যাট করছেন।
শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় দিনে হানা দিয়েছিল বৃষ্টি। গোটা দিনে বৃষ্টির বাধা ঠেলে খেলা হয়েছে ৪৯ ওভার। আগের দিনের ৪ উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নেমে গতকাল আরো ২ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করেছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ৫৯ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন মধুওয়ান্তা ও বান্দারা। তাদের ৮২ রানের জুটি ভেঙেছেন তানভির ইসলাম। গতকাল সকালে দলীয় ১৪১ রানে আউট হন মধুওয়ান্তা। তিনি ৪০ রান করেন। পরে ১৮ রান করা রমেশ মেন্ডিসকে ফেরান শফিকুল ইসলাম। দিনের শেষ ভাগে আর বিপদ হতে দেননি বান্দারা ও করুনারত্নে। একপ্রান্ত আগলে খেলা বান্দারা হাফ সেঞ্চুরি তুলে নেন। সফরকারীদের প্রথম ইনিংসটা লম্বা হয়েছে তার ব্যাটিংয়ের কারণেই। একপ্রান্তে ২০৮ বল খেলে ৫৭ রান করে অপরাজিত রয়েছেন বান্দারা।
বাংলাদেশের নাঈম হাসান চারটি, তানভির ইসলাম, শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।
আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিন। আজ লঙ্কানদের প্রথম ইনিংস দ্রুত শেষ করে এবং নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয়ের সুযোগ তৈরি করা কঠিন কর্মই হবে নাজমুল হোসেন শান্ত’র দলের জন্য।
