এখনো ম্যান ইউ টানে ইব্রাহিমোভিচকে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১৯

এলএ গ্যালাক্সি স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ জানিয়েছেন নভেম্বর চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান।

সুইডেনের ৩৭ বছর বয়সী এই ফুটবলার ২০১৮ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকার এ যোগ দেন। এরপর সেখানে ৪৯ খেলায় ৪৬ গোল করেন তিনি। মাঝের এ সময়ে তার পুরনো ক্লাবও পুরনো দাপুটে দিনে ফিরতে পারছে না।

ম্যানচেস্টার ইউনাইটেড এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম খেলায় চেলসিকে ৪-০ গোলে হারায়। এরপর দলটি উলভারহ্যাম্পটনের মাঠে ড্র করে এবং তৃতীয় খেলায় নিজ মাঠে হারে ক্রিস্টাল প্যালেসের কাছে। সব মিলিয়ে পরিস্থিতি সুখকর নয় কোচ ওলে গুনার সোলসারের দলটির।

এরকম পরিস্থিতির মধ্যেই নিজের পুরনো দলকে নিয়ে আগ্রহ দেখালেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘আমি সহজেই প্রিমিয়ার লিগে খেলতে পারি। কাজেই ইউনাইটেড যদি আমাকে চায়, আমি আছি।’

ইব্রাহিমোভিচ ইংলিশ ক্লাবটিতে হাঁটুর ইনজুরিতে পড়ার আগে অভিষেক মৌসুমে ২০১৬-১৭ সালে ২৮ গোল করেছিলেন। পরে দুপক্ষের সম্মতিতে দুই বছরের চুক্তিটি বাতিল করা হয় যাতে করে যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি। এখন ম্যান ইউ যদি তাকে খেলাতেও চায় সেক্ষেত্রে ইব্রাহিমোভিচকে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। কেননা তখন ইংলিশ মৌসুমের দলবদলের মধ্যবর্তী প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

সুইডিশ স্ট্রাইকারটি এও জানান যে, তিনি এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেন। সর্বশেষ ক্রিস্টাল প্যালেসের কাছে হার প্রসঙ্গে ইব্রাহিমোভিচের মত হলো তার পুরনো ক্লাবটি স্রেফ দুর্ভাগা ছিল।­