বলিভিয়ায় চলতি বছর আগুনে প্রায় সোয়া কোটি হেক্টর বনভূমি ও তৃণভূমি ধ্বংস হয়েছে। দেশটির সরকার বুধবার একথা জানায়। কিন্তু পরিবেশবিদরা বলেছে, এর পরিমাণ আরো বেশি।
আমাজন রেইন ফরেস্টের বলিভিয়ান অংশে আগুনের কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধে সরকারি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সোমবার দেশটির বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস তার নির্বাচনী প্রচারণা বাতিলের পর এ তথ্য প্রকাশ করা হয়। বনভূমি ধ্বংস রোধে পদক্ষেপ নেওয়ার ব্যর্থতা এবং নীতির কারণে মোরালেসকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এদিকে দ্য ফ্রেন্ডস অব নেচার ফাউন্ডেশন বলছে, চলতি বছর আগুনে বলিভিয়ার এক কোটি ৮০ লাখ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে।
সাম্প্রতিক সময়ে বলিভিয়ায় বনের পরিমাণ অনেক কমে গেছে। দেশটিতে ২০০৫ সালে বনভূমির পরিমাণ ছিল ৪ কোটি ৭৩ লাখ হেক্টর যা ২০১৭ সালে এসে দাঁড়ায় ৪ কোটি ৩৮ লাখ হেক্টরে। গত মে মাস থেকে আমাজন রেইন ফরেস্ট দাবানলে পুড়ছে। বলিভিয়ার প্রেসিডেন্ট এ আগুনের জন্যে শুকনো আবহাওয়া ও ঝোড়ো বাতাসকে দায়ী করেছেন।
