উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলে হঠাত্ বন্যায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী রাবাত থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে তারাউদান্ত এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।
ঐ এলাকায় পর্বতগুলোয় প্রবল বৃষ্টিপাতের পর সেখান থেকে পানির ঢল নেমে এলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়। জীবিত কেউ কোথাও আটকা পড়ে আছেন কি না তা খুঁজে দেখতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ভিডিওর দৃশ্য নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই তির্যত গ্রামের কাছে শুকনো একটি নদী খাতের পাশে বানানো মাঠে ফুটবল খেলা দেখছিল, সেই সময় হঠাত্ নেমে আসা বানের পানিতে ভেসে যান তারা। অ্যান্টি-অ্যাটলাস নামে পরিচিত দক্ষিণ মরক্কোর ঐ পর্বতগুলো গাছপালাহীন উষর পর্বত এবং গ্রীষ্মকালে এখানে কদাচিত্ বৃষ্টিপাত হয়।
