মৌলভীবাজারের বড়লেখায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বড়লেখা উপজেলা অটোটেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এসব ব্যাটারিচালিত রিকশা আটকে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা করছে না প্রশাসন। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা অটোটেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন। কোষাধ্যক্ষ সবুজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।
