রামগতিতে শিক্ষকের প্রহারে শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৮

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল আলমের প্রহারে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। রাকিবুল হাসান নামের ঐ শিক্ষার্থী ঢাকার পপুলার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে অষ্টম শ্রেণির অতিরিক্ত ক্লাস চলার সময় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর অভিভাবকের পক্ষ থেকে বুধবার বিকালে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল হক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

এদিকে সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল আলম রাকিবুলকে চড়-থাপ্পড় মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাকে বকাঝকা করা হয় এবং কিছুক্ষণ বেঞ্চের নিচে মাথা দিয়ে থাকতে বলা হয়। ঐ সময় সে অসুস্থবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, রাকিবুলের অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল আলমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল হক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।