করতোয়া নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ এক

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৪০

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে নিখোঁজ তিন জনের মধ্যে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুর সন্ধান এখনো মেলেনি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মধ্যদিয়ে বহমান করতোয়া নদীর চন্ডিজান কালীবাড়ি ঘাট এলাকায় নদী পারাপারের সময় সে াতের টানে ডুবে নিখোঁজ হন তারা। এরমধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামের বজেন্দ্র নাথ পালের ছেলে চন্দন কুমার পাল ও তার মেয়ে কিরণ মালা। এছাড়া নদীতে নিখোঁজ রয়েছে তারই ভাতিজা একই গ্রামের উজ্জল কুমার পালের ছেলে অরুপ কুমার পাল ওরফে ব্রজ কুমার (৬)।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চন্দন কুমার পাল তার মেয়ে ও ভাতিজাকে নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের কোলে নিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এসময় নদীর পানির স্রোতে মেয়ে কিরণ মালা তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে বাবা চন্দন ও তার ভাতিজা অরুপও পানিতে তলিয়ে যায়। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।