কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের স্টেশন রোডের শহিদী মসজিদের সামনে শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য সংরক্ষণ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শোলাকিয়া ঈদগাহে মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এতে ঐতিহাসিক এ ঈদগাহের ঐতিহ্য ম্লান হবে। শুধু তাই নয়, ঈদগাহে মসজিদ নির্মিত হলে ঈদগাহের আয়তন ছোট হয়ে যাবে। তারা শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাটটি অন্যত্র সরিয়ে সে জায়গায় অথবা শহরের অন্য কোনো স্থানে মডেল মসিজদটি নির্মাণের দাবি জানান; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য দেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ড. খলিলুর রহমান, ইসরাইল মিয়া প্রমুখ।
