প্রয়োজনীয় তথ্য সেবার পাশাপাশি এখন নানা সামাজিক সমস্যার প্রতিকারও মিলছে ৩৩৩-এ। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হওয়া এ কলসেন্টারের উপকার পাচ্ছেন মানুষ। গত এক বছরে শুধু রাজশাহী থেকেই এ কলসেন্টারে কল গেছে ৭৩ হাজার ২৮৭টি। এরমধ্যে ৭০ ভাগই বাল্যবিয়ে সংক্রান্ত।
বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল ইসলাম এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় কলসেন্টারের উপকারভোগীদের নিয়ে ভিডিও ক্লিপও দেখানো হয়।
রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি কলসেন্টারের মাধ্যমে ৩৩৩ নম্বর চালু করা হয়েছে। ২০১৮ সালের এপ্রিলে সেবাটি চালু করা হয়। তিনি আরো জানান, এই সেবা চালুর পর রাজশাহী জেলা থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ২৮৭টি কল করা হয়েছে। আর এ কলগুলোর অধিকাংশই বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল ও পুকুর খনন রোধ সংক্রান্ত বিষয় নিয়ে করা হয়েছে।
