মৃত্যুর তিন মাস পর কবর থেকে স্কুলছাত্রীর লাশ উত্তোলন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৪১

গোপালগঞ্জে মৃত্যুর প্রায় তিন মাস পর ময়না তদন্তের জন্য স্কুলছাত্রী লামিয়া ইসলামের (১০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন।

লামিয়া ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে ও রংপুর সোনানীবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

মামালার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম  জানান, লামিয়া গত রোজার ঈদের ছুটিতে রংপুর থেকে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। ৭ জুন মায়ের সঙ্গে গ্রামের বাড়ি ডুমদিয়া থেকে পার্শ্ববর্তী তালা গ্রামে মামাবাড়িতে বেড়াতে যায়। ৮ জুন মামাবাড়িতে তার লাশ পাওয়া যায়। সে সময় আত্মহত্যা বলে থানায় জিডি করা হয়। পরে এ নিয়ে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের সুবিধার্থে লাশ উত্তোলনের আবেদন করে সিআইডি। পরে আদালত লাশ উত্তোলনের আদেশ দেন।