জাতির পিতার প্রতিকৃতি দেশের সব আদালতে প্রদর্শন করতে হবে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৫২

দুই মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত কক্ষে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। আইন সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্টের রেজিস্ট্রারকে এ রুলের জবাব দিতে     বলা হয়েছে। আদেশের পর রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির পিতার ছবি বা প্রতিকৃতি প্রদর্শনের নজির রয়েছে। আমাদের সংবিধানে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সে নির্দেশনা না মানায় এ রিট করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আইন অনুযায়ী কেবল ধর্মীয় উপাসনালয় ছাড়া সব প্রতিষ্ঠানে জাতির জনকের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। তাই আদালত কক্ষেও জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা আছে।