অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। স্বাদু পানির মাছ উত্পাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশে ফল ও সবজি যেমন-আম, আলু, আখ ইত্যাদি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর জন্য বড় সম্ভাবনা রয়েছে। ইফাদ এর বাংলাদেশ ও মালদ্বীপের কান্ট্রি ডিরেক্টর ওমর জাফর গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে অর্থমন্ত্রী এ কথা বলেন। এসময় অর্থমন্ত্রী আরো বলেন, ইফাদ বাংলাদেশ সরকারের দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে আর্থ-সামজিক উন্নয়নসহ পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়নে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে। ওমর জাফর বাংলাদেশে ইফাদের উদ্বোধনের জন্য অপেক্ষমাণ স্থায়ী আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করার আগ্রহ প্রকাশ করেন। অর্থমন্ত্রী এতে সম্মতি দিয়ে বলেন, স্থায়ী আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ইফাদের কার্যাক্রম আরো বেগবান হবে এবং নতুন মাত্রা পাবে। ওমর জাফর বলেন, বাংলাদেশে ইফাদের ১২০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে, যা বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম বিনিয়োগ। সারা বিশ্বব্যাপী ইফাদের ২৫০টি প্রকল্পের শীর্ষ ১০টির মধ্যে বাংলাদেশেই ৩টি প্রকল্প রয়েছে। বর্তমানে বাংলাদেশে ইফাদ সহায়তার সাতটি চলমান প্রকল্প রয়েছে যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। আরো দুটি প্রকল্পের নকশা বাস্তবায়নাধীন রয়েছে।
