বিএনপি কথাবার্তা বন্ধ রাখলে রোহিঙ্গা সংকট সমাধান হবে :হানিফ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৫৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের সবকিছু সমাধানের সক্ষমতা শেখ হাসিনার সরকারের রয়েছে। তবে রোহিঙ্গা সঙ্কট ব্যবহার করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় আছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে একটি অনুরোধ করব, আপনাদের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বন্ধ করুন। তাহলে দেখবেন রোহিঙ্গাসহ সকল সমস্যার সমাধান দ্রুত হবে। দয়া করে আপনারা উস্কানিটা বন্ধ রাখুন’।

হনিফ বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামায়াতের একটি চক্র এখনো তত্পর। এ দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যায়, তখন পদে পদে বাধাগ্রস্ত করে তারা। এই সঙ্কট সমাধানে ‘জাতীয় ঐক্য’ গড়তে বিএনপির আহ্বানের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রোহিঙ্গা ইস্যু জাতীয় সমস্যা এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা জাতির মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছেন, আপনাদের মুখে জাতি ঐক্যের কথা শুনতে চায় না। তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।  স্বাধীনতাবিরোধী পাকিস্তানি শক্তির সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই।’ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে হানিফ বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি বাঙালি জাতিকে বিভক্ত করেছেন। সেই জিয়াউর রহমানের বিচার না হওয়া পর্যন্ত, তার মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে বলে আমি বিশ্বাস করি না।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে  আলোচনায় আরো বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ড. সৈয়দ আনোয়ার হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক স্বদেশ রায় প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নিজের তিনটি কবিতা আবৃত্তি করেন কবি নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধু হত্যার প্লট তৈরিতে জাসদকে দায়ী করেন জাহাঙ্গীর কবির নানক।